রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. জাহের (৫৫) নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহের ভোলার ইলিশা গ্রামের মো. ইউনূসের ছেলে। বর্তমানে কদমতলী পলাশপুর এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে শাওন বলেন, আমার বাবা সেনেটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। আজ দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের একতলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


