ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় কার্জন হলের ভেতরে মারা গেছেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লাইভে সংবাদ প্রচারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, কুমিল্লার বুড়িচংয়ের সন্তান তরিকুল শিবলী উত্তরার দিয়াবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


