আজ শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সকল মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরা শুরু হয়েছে। তবে জেলা পুলিশ এখনও নতুন পোশাক পায়নি; পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন।
সম্প্রতি পুলিশ বাহিনীর ওপর সমালোচনা বেড়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার ও পোশাক পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের অংশ হিসেবে বিশেষায়িত ইউনিট যেমন-পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশের সদস্যরাও নতুন পোশাক পরবেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, “আজ থেকে সব মহানগরে নতুন পোশাক কার্যকর হয়েছে, এবং ধাপে ধাপে সব সদস্য এই পোশাক পাবেন।” পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন পোশাক গ্রহণ করবে। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যরা আগের পোশাকই পরবেন।
আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য নতুন পোশাক বেছে নেওয়া হয়েছে। ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে।”
নতুন পোশাকের সঙ্গে পুলিশের মনোভাব ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আশা করছে সরকার। পুলিশ সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হচ্ছে।


