ফিক্সিংয়ের অভিযোগ এবং শৃঙ্খলাজনিত কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের আইনি লড়াই ব্যর্থ হয়েছে। তাদের নিলামে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে করা তিনটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো জাতীয় দলের তারকাদের ছাড়াই বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
আজ রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রেজাউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনার পর আদালত রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন।
বিপিএলের নিলাম তালিকায় শুরুতে নাম থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার প্রেক্ষিতে ‘ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে’ নাম আসা ক্রিকেটারদের পরবর্তীতে বাদ দেয় বিসিবি। এই তালিকায় মোট ৯ জন ক্রিকেটার ছিলেন, যার মধ্যে জাতীয় দলের হয়ে খেলা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম রয়েছেন।বিসিবির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই আদালতে গিয়েছিলেন বাদ পড়া ক্রিকেটাররা।
কিনš‘ আদালতের রায়ের ফলে তাদের বিপিএলে ফেরার শেষ সুযোগটুকুও বন্ধ হয়ে গেল।বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন উইকেটকিপার-ব্যাটার এনামুল হক বিজয়। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের টেস্ট স্কোয়াডে থাকা এই ক্রিকেটার বর্তমানে জাতীয় লিগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে খেলছেন। ফর্মে থাকা সত্ত্বেও ফিক্সিংয়ের অভিযোগের ছায়ায় বিপিএল থেকে ছিটকে গেলেন তিনি।


