আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়। বছর ঘুরে এ দিনটি উদযাপনে দেশের মানুষের সঙ্গে আত্মিকভাবে যোগ দেন বিনোদন জগতের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জয়া আহসান, শবনম বুবলী ও কুসুম শিকদারের মতো জনপ্রিয় তারকারা।
জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিন হিসেবে নয়, বরং একটি ‘অবিরাম লড়াই’ হিসেবে দেখছেন। নিজের ফেসবুক পেজে এই অভিনেত্রী লিখেছেন, ‘বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।’
মুক্তিযোদ্ধাদের অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া এবং ত্যাগের কথা স্মরণ করে জয়া আরও লেখেন, ‘তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যেদিন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।’
এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা দিয়ে তুলে ধরেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। খুব সংক্ষিপ্ত তবে আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
আবুল হায়াতের কাছে বিজয় দিবস হলো এক আবেগঘন ও অশ্রুসিক্ত স্মৃতির দিন, যেদিন বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ পেয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন বিজয় অর্জিত হয়, তখনকার স্বতঃস্ফূর্ত উল্লাস তার কাছে আজও অত্যন্ত উজ্জ্বল স্মৃতি। বিজয়ের দিনটি এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পাওয়ার দিনগুলোর কথা মনে পড়লে আজও এ অভিনেতার চোখ ভিজে যায়। বিজয় দিবস কেবল একটি দিন নয়, এটি ত্যাগ, সংগ্রাম ও গৌরবের এক চিরন্তন স্মারক।


