:: প্রতিনিধি, নরসিংদী ::
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার দুইদিন পর ফের বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।
বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ৫ নম্বর ইউনিটটি দীর্ঘ ৭ দিন পর গত ১০ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধান করে বিদ্যুৎ উৎপাদন শুরু করায়।
কিন্তু আজ হঠাৎ দুপুরে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে গেলে ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিয়ারিং পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ৭ দিন সময় লাগবে বলে জানায় বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।
গত ৪ অক্টোবর দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।
এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজতে গত ৫ অক্টোবর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের (পিজিসিবি) ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি।
পিজিসিবির নির্বাহী পরিচালক ইয়াকুব এলাহী চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে প্রায় তিন ঘণ্টা পরিদর্শন করে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মেশিনারিজ পরীক্ষা করেন।


