:: মো.তামিম সরদার পিরোজপুর ::
পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের প্রথম নামাজে জানাজা পিরোজপুরে এবং ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ) তার প্রথম জানাজা এবং ঢাকার বনানী কবরস্থানে আসর নামাজ বাদ দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত ৮টায় সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে সকাল ১০টায় এয়ার এম্বুলেন্সে ঢাকা থেকে পিরোজপুর আনা হয়। পিরোজপুরে প্রথম জানাজা শেষে তার মরদেহ পাড়েরহাট রোড়ে মহিলাকলেজের সামনের বাসায় নিয়ে কিছুক্ষণ রাখা হয়। এরপরে দুপুর দেড়টার দিকে এয়ার এম্বুলেন্সে করে তাকে পুনরায় ঢাকায় নেওয়া হয়। বৃহস্পতিবার বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে ২য় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে দুপুরে পিরোজপুরে জানাজায় অংশ নেন মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন, একমাত্র পুত্র শেখ খালিদ অরিন্দম তান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ শাহরান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। জানাজা শেষে পর্যায়ক্রমে শেখ এ্যানী রহমানের মরোদেহে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংসদ সদস্য শেখ এ্যানি রহমান গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১.৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন যাবত কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


