সেনাবাহিনীর ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২২ আজ সোমবার সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি উপস্থিত ইউনিটগুলোর অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য দেন এবং ইএমই কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত নানা কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সেনাবাহিনীপ্রধান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশসেবায় অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে এই কোরের সদস্যের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোশফেকুর রহমান, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নজরুল ইসলাম, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এস এম কামরুল হাসান, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (রংপুর এরিয়া) মেজর জেনারেল ফয়জুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ প্রমুখ।


