:: প্রতিনিধি, সাভার ::
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাই স্বামী। আজ শনিবার সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিক্রম দোরাই স্বামী আরও বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতি বদ্ধ। সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যে দিয়ে বাংলাদেশর সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরও শক্তিশালী। ভারত সরকার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সবধরণের সুযোগ সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের। আমি এতদিন এ দেশে ভালো ভাবে দায়িত্ব পালন করেছি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম প্রমুখ।


