সোমবার (৫ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে যুবলীগ নেতা আরিফের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তিনি রক্ষা পেলেও তার বাবা-মা মারাত্মকভাবে আহত হয়েছেন।
৮ আগষ্ট রাত আনুমানিক ১০টার দিকে খিলগাঁও চৌরাস্তা এলাকায় বসবাসকারী যুবলীগ নেতা আব্দুল আরিফের বাসায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে একদল দুর্বৃত্ত। এতে তিনি কোন রকম ভাবে পালাতে পারলেও সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন তার বাবা মোঃ আব্দুল আজিজ ও মা আলেয়া বেগম।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আনুমানিক রাত ১০টার দিকে ১৫-২০ জনের একটা দল আরিফে বাসায় হামলা করে। তিনি বাসায় আছে জেনেই তারা এ হামলা করে বলে জানা যায়। তারা বাড়ীতে ঢুকেই আরিফকে খুজতে থাকে। তার বাবা বেড় হলে তাকে আঘাত করে একজন। এর মধ্যে আরিফের মা তাকে পেছনের দরজা দিয়ে বের করে দেন। সেটা বুঝতে পেরে আরিফের মাকেও আঘাত করা হয়। বাড়িতে ভাংচুর করতে থাকে সন্ত্রাসীরা। আগুন দেয়ার চেষ্টা করে কিন্তু আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালায়।
হামলার বিষয়ে মুঠোফোনে আরিফ জানায়, খিলগাঁও এলাকায় যে কোন অন্যায় অবিচারে প্রতিবাদ করতাম,এতেই যুবলের জিয়ার সঙ্গে আমার সংঘাত হয়। বিভিন্ন সময় আমি তার অন্যায় কর্মকান্ডে বাধা দিতে থাকি। সেইসময় সে আমাকে মারার জন্য অনেক চেষ্টা করলেও সফল হতে পারে নি। তাই এখন আমার উপর এই হামলা করেছে। আমাকে না পেয়ে আমার বৃদ্ধ বাবা-মাকে মারধোর করেছে। আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত। তারা হুমকি দিয়ে গেছে আমাকে পেলে হত্যা করবে।
মুদি দোকানদার আফজাল খা বলেন, হঠাৎ করে তাদের চিৎকার শুনতে পাই আমরা গিয়ে দেখি একদল মানুষ তাদের আঘাত করছে কয়েকজন বাড়ীতে আগুন দেয়ার ও চেষ্টা করছে। সকলে মিলে প্রতিহত করলে তারা পালায়। যাওয়ার আগে হুমকি দিতে থাকে আর আরিফকে খুজতে থাকে। পরে আমরা আহতদের হাসপাতালে নিয়ে যাই।
আহত আব্দুল আজিজ প্রতিবেদককে বলেন, আমাকে আর আমার স্ত্রীকে এমনভাবে আঘাত করেছে আমরা মরে যেতাম। এলাকাবাসী আমাদের উদ্ধার করেছে। আমাদের এই অবস্থা করেছে আমার ছেলেকে পেলে হয়তো মেরেই ফেলবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় কোন মামলা নেয়নি আমাদের সাহায্যও করেনি।
এই বিষয়ে খিলগাঁও থানায় যোগাযোগ করলে তারা জানায় এই বিষয়ে তাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিবে।


