ঈদের ছুটির সঙ্গে সঙ্গতি রেখে সংবাদ মাধ্যমে কমপক্ষে ৫ দিনের ছুটি দেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২য় বছরের সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান থেকে এসব দাবি জানান সংগঠনের নেতারা।
এদিন ডিইউজে’র ১ম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ২য় বছরের সভাপতি সাজ্জাদ আলম খান তপুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, পত্রিকা মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবারের ঈদে তিন দিন ছুটির যে ঘোষণা দিয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি ছুটি ভোগ করা সাংবাদিকদের অধিকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদে যেখানে দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সেখানে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের তিন দিনের জন্য ছুটি ঘোষণা হাস্যকর।
সভা থেকে পত্রিকা, টেলিভিশন ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের জন্য ছুটি বাড়িয়ে কমপক্ষে ৫ দিন করার দাবি জানানো হয়।
ডিইউজে সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, যুগ্ন সম্পাদক মো শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মো. শাহজাহান স্বপন, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক, অনজন রহমান।
সিনিয়র সাংবাদিক রমাপ্রসাদ বাবুর বাবার মৃত্যুতে ডিইউজের শোক
ডিইউজে’র সদস্য , দৈনিক সমকালের যুগ্ন-বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর বাবা নরেন্দ্র নারায়ণ সরকার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন । তারা তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


