ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভালুকার পৌর শহরের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার গার্মেন্টে শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রফিক উদ্দিন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে রফিক উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’
কীভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন,ধারণা করা হচ্ছে নিহত ময়না বেগমের স্বামী রফিজ উদ্দিনের ভাই নজরুল এই হত্যাকান্ড ঘটিয়েছে। নজরুলকে আটকে অভিযান চলছে। তাকে আটক করা হলে হত্যার কারণ জানা যাবে। তবে নিহত ময়নার স্বামী গার্মেন্টে কাজ করে। রাতে সে বাসায় আসেনি।


