:: প্রতিনিধি, মিরসরাই ::
ফেনী নদীতে বালু তোলা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর বাজারের পশ্চিম পাশে ফেনী নদীতে এ হামলায় মেয়রের সঙ্গে থাকা আরও দুজন গুলিতে আহত হয়েছেন বলে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান।
মেয়র রেজাউল করিম বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ অন্য দুজন হলেন-অশোক সেন ও শাহেদ খান।
প্রত্যক্ষদর্শী ও মেয়র রেজাউল করিমের লোকজন সাংবাদিকদের বলেন, মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে একটি বিদ্যুৎকেন্দ্রের জায়গা ভরাট করতে ফেনী নদীর মিরসরাই অংশ থেকে ড্রেজার নিয়ে বালু তুলতে যান রেজাউল করিম ও তার লোকজন।
তখন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপনের লোকজন তাদের ওপর হামলা ও গুলি করেন বলে অভিযোগ করেছেন মেয়রের সমর্থকরা।
এ সময় তিনজন গুলিবিদ্ধ হলে তাদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আব্দুল্লাহ বলেন, মেয়র গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়ভাবে শোনা গেছে, বালুভর্তি নৌকা নিয়ে আসার পথে মেয়র ও তার লোকজনের পথরোধ করা হয়েছিল। একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে প্রতিপক্ষের লোকজন।
এতে মেয়রসহ তিন জন আহত হয়েছে। তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার লাবিব আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি শোনা গেলেও আমরা আহতদের সঙ্গে কথা বলতে পারিনি। আহতদের সঙ্গে কথা বলা গেলে নিশ্চিত করে বলা যাবে মূল ঘটনা কী ছিল।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, রেজাউল করিম, অশোক সেন ও শাহেদ খান নামের তিন ব্যক্তি ছররা গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজাউল করিমের কোমরের অংশে, অশোক সেনের শরীরের কয়েকটি স্থানে ছররা গুলির আঘাত আছে। আর শাহেদ খানের বাঁ হাতের কবজিতে আঘাত রয়েছে।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান দুপুরে বলেন, পৌর মেয়র রেজাউল করিম ও অশোক সেন নামে দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। দুই জন শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম আমার ইজারা নেওয়া এলাকায় অবৈধভাবে বালু তুলতে এলে স্থানীয় লোকজন তাড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় আমার কোনো যোগসূত্র নাই। আমি বৈধ ইজারাদার হলেও ওই এলাকায় এখনও একবারের জন্যও যাইনি।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন বলেন, ফেনী নদীতে বালু তোলার জেরে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছেন। এর মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ তারা পাননি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


