মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
ইতোমধ্যে প্রচার শুরু করেছেন সিনেমাটির কলাকুশলীরা। এর আগে পোস্টার প্রকাশ করে অপেক্ষায় রাখেন ট্রেলারের। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার উন্মুক্ত হলো সিনেমাটির ট্রেলার। শনিবার (১০ আগস্ট) ট্রেলার প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন জয়া আহসানসহ সিনেমা সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫) ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মশলা।
প্রসঙ্গত, দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে বিউটি সার্কাস চলচ্চিত্রটির নির্মাণ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাস ছবির শুটিং। দুই শতাধিক নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা।
এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন করেন। বিউটি সার্কাস সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ সংকটের কারণে ছবির কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে নির্মাতা মাহমুদ দিদারকে।
চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এবিএম সুমনকে। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।


