নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন চারটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।
এর মধ্যে দুইটি বহুতল ভবনের বেশ কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে আজ সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো ও দক্ষিণবাগ এলাকায় চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান বলেন, রাজউকের নকশা এবং অনুমোদন না নিয়েই ভবনগুলোর নির্মাণ কাজ করা হচ্ছিল। তাই আপাতত আমরা নির্মান কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে রাজউকের নকশা অনুযায়ী নির্মান কাজ করা হবে এই মর্মে ভবনগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে’।
অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের অথোরাইজড অফিসার মো. কায়সার পারভেজ, সহকারী অথোরাইজড অফিসার আবুল ফারহা সিদ্দিক, প্রধান ইমারত পরিদর্শক মো. মোত্তালিব হোসেন, ইমারত পরিদর্শক মো. মোর্শেদ আহমেদ ও ইমারত পরিদর্শক আব্দুর রহিম সহ অন্যান্য কর্মকর্তারা।


