পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে।
আজ শনিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মো. খালেদ।
মেধাবী সন্তানদের উদ্দেশ্যে বাহারুল আলম বলেন, জীবন সবসময় সোজা পথে চলে না। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না। বরং তা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ়চিত্তে এগিয়ে চলবে। মনে রাখবে, তোমাদের অদম্য মেধা, আকাশছোঁয়ার স্বপ্ন, পাহাড় সমান দৃঢ়তা একদিন পৌঁছে দেবে সাফল্যের সর্বোচ্চ শিখরে যেখানে দাঁড়িয়ে পুরো পৃথিবী তাকাবে অবাক বিস্ময়ে।
তিনি বলেন, আমি মনে করি, আমাদের সন্তানেরা বড় হবে, তারা আরো কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।


