জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ঢাকা কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক” আরমান আহমেদ শাফিনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,“দেশের আইনের চরম অবনতি ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা এবং ব্যর্থতাই আজকের এই অন্যায়ের দায়ী। এ হত্যার বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না।”
সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, “আইন মন্ত্রণালয় ও আসিফ নজরুল স্যার – আপনারা এই হত্যাকাণ্ড এড়িয়ে যেতে পারেন না। রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত বহু আন্দোলনে আপনারা আমাদের পাশে ছিলেন, কিন্তু গত ১৩ মাসে আপনাদের নীরব ভূমিকা জাতির জন্য হতাশাজনক।”
ঢাকা জেলা দক্ষিণের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বলেন, “এভাবে জুলাই-আগস্টের যোদ্ধাদের একে একে টার্গেট করে হত্যা করা হলে আর কোনো ‘জুলাই যোদ্ধা’ টিকে থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বহীন আচরণের কারণেই দেশ আজ বিপদের মুখে। এই ইউনুস সরকারের মেরুদণ্ডহীনতা জাতিকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”
বক্তারা শাফিন হত্যার দ্রুত বিচার, জুলাই যোদ্ধাদের ওপর হামলা বন্ধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা “শাফিনের রক্তের হিসাব চাই”, “জুলাই যোদ্ধাদের রক্ত বৃথা যাবে না”, “মেরুদণ্ডহীন সরকারের পতন চাই”— এমন সব স্লোগানে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ মুখর করে তোলে।


