প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠককালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান তিনি। ক্রিস্টেনসেন জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে না। তবে ভোটের সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখবে দেশটি।
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কি না—বৈঠককালে তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। কীভাবে ভোট গণনা করা হবে, কোথায় ফলাফল আসবে, ভোট গণনার সময়সীমা কতো—ইত্যাদি বিষয় জানতে চেয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক না পাঠালেও নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইসি সচিব বলেন, তারা আমাদের জানিয়েছেন যে, নির্বাচন উপলক্ষে তাদের কোনো পর্যবেক্ষক দল আসবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন একটি দল আসবে এবং মার্কিন দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে, নিজেদের মতো করে তারা নির্বাচন পর্যবেক্ষণে যাবেন।
তিনি আরও বলেন, এটা আনুষ্ঠানিক কোনো পরিদর্ন নয়। তারা এমনিতেই দেখতে যাবেন ভোটের অবস্থাটা কী। এ বিষয়ে তাদের ইচ্ছাটা আমাদের জানিয়েছে এবং নির্বাচন কমিশন সাদরে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
আখতার আহমেদ বলেন, বৈঠকে তারা ইলেকশনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতুহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে।


