ঢাকাThursday , 12 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতে জন্ম দেওয়া সন্তান নিয়ে ভোট দিতে এলেন মা

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হয়েছে আজ বৃহস্পতিবার । এতে উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছেন ভোটাররা। কেউ কেউ প্রতিকূল পরিস্থিতি ঠেলে ভোটকেন্দ্রে হাজির হয়েছেন।

তেমনই একজন তানজিলা আক্তার। আগের রাতে জন্ম দেওয়া সন্তান নিয়ে আজ বিকেলে শেষ মুহূর্তে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন তিনি।

ঢাকা-৪ আসনের আওতাধীন কদমতলীর হাজী শরীয়ত উল্লাহ স্কুল ছিল তানজিলার ভোটকেন্দ্র। গত বুধবার রাতে হাসপাতালে সন্তান প্রসব করার পর ছাড়পত্র নিয়ে বাসায় যাওয়ার আগে তিনি ভোটকেন্দ্রে আসেন। পরে স্বামীর কোলে হলুদ কাঁথায় মুড়িয়ে নবজাতক শিশুকে দিয়ে এক নারীর সহযোগিতায় তিনি স্কুলের দ্বিতীয় তলায় গিয়ে ভোট দেন।

ভোটাধিকার প্রয়োগ করার পর উচ্ছ্বাস প্রকাশ করে তানজিলা বলেন, ‘অনেক দিন পর আসা ভোট দেওয়ার এমন সুযোগ হাত ছাড়া করতে চাইনি। সব প্রতিকূলতা উপেক্ষা করে নিজের ভোট দিতে আসি।’

এদিকে, দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে গিয়ে দেখা গেছে, অনেক কষ্টে তিনতলার সিঁড়ি বেয়ে ওপরে উঠেন রমজান মিয়া। তিনি জানান, ডায়াবেটিসের কারণে তার পা কেটে ফেলার পর সেখানে রড বসানো হয়েছে।

সখিনা আক্তার নামের ৮০ বছর বয়সী এক নারী ভোটাধিকার প্রয়োগ করে জাগো নিউজকে বলেন, ‘১৫ বছর ভোট দিতে পারিনি। এবার খুব সুন্দর করে ভোট দিতে পেরে ভালো লেগেছে। সামনে বাঁচুম না মরুম তার কোনো ঠিক নাই। আর কখনো ভোট দিতে পারুম কি না, তাও জানি না। তাই এই সুযোগ হারাইতে চাই নাই।’

সখিনা জানান, দীর্ঘদিন পর ভোটকে উৎসবের মতো মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন