ঢাকাSunday , 1 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জবির চার নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন

Link Copied!

অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত চারটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ রোববার বিকালে বাংলা একাডেমির গ্রন্থ মোড়ক মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

নবপ্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে রচিত ‘Smartphone Addiction in Bangladesh : How School-Children are Affected’ বইটিতে সমসাময়িক সমাজে স্মার্টফোন আসক্তি এবং স্কুলশিক্ষার্থীদের ওপর এর বহুমাত্রিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ রচিত ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদীস চর্চা’ গ্রন্থে দৈনন্দিন জীবনে হাদীসের গুরুত্ব এবং বাংলা ভাষা-সাহিত্যে এর প্রভাব তুলে ধরা হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর রচিত ‘Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’ বইটিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ন্যায্যতা ও অভিযোজনভিত্তিক অবস্থান গবেষণাভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম রচিত ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’ গ্রন্থে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপন, উন্নয়ন-সংকট ও সম্ভাবনা মূলধারার গণমাধ্যমে কতটা প্রতিফলিত হয়-তা বিশ্লেষণ করা হয়েছে। শহরকেন্দ্রিক ও বাণিজ্যিক প্রাধান্যের কারণে গ্রামীণ বাস্তবতা আড়ালে থেকে যাওয়ার বিষয়টি বইটিতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে প্রান্তিক মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গ্রন্থটি আলোকপাত করেছে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণাভিত্তিক এসব প্রকাশনা শিক্ষার্থীদের পাঠ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষকদের জন্য সহায়ক হবে। ভবিষ্যতে আরও মানসম্পন্ন প্রকাশনা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেকাংশে তার নিজস্ব প্রকাশনার ওপর নির্ভরশীল। লেখকদের মেধা, শ্রম ও সময়ের বিনিয়োগে সৃষ্ট এসব প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে সমৃদ্ধ করেছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি স্টল সাজ-সজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন