প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দানকারী স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীকে সহায়তা প্রদান অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পিটার হাস। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার ৫০ বছরের বেশি সময় ধরে চলমান ইতিবাচক অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অর্জনগুলো নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে কিভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে পিটার হাস বলেন, আমাদের মাঝে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা ও করোনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের নেতৃত্ব, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতা এবং বিশ্বশান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
২০২১ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশের ১৭তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান পিটার ডি হাসকে। গত ১ মার্চ তিনি ঢাকায় আসেন। বাংলাদেশে দায়িত্বে আসার আগে তিনি মুম্বাই, লন্ডন, বার্লিন, জাকার্তা ও ওয়াশিংটনে বিভিন্ন পদে কাজ করেন।


