মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির গুজব ও অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে কর্মরতদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
শনিবার (৩ সেপ্টেম্বর ) আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
স্বপন ভট্টাচার্য্য বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল একটি সমতাভিত্তিক বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আজ আমরা প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে যাচ্ছি, চিকিৎসা, অবকাঠামোসহ সব সূচকে দেশের উন্নয়ন লক্ষণীয়। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশ যেন কোনোভাবেই দুষ্ট চক্রের হাতে চলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি এখন সারা বিশ্বেই আলোচনার বিষয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিক শক্তিতে পরিণত হয়েছে। জনবান্ধব নাগরিক সেবা প্রদান প্রজাতন্ত্রের কর্মচারীদের সবচেয়ে বড় দায়িত্ব। দেশটা আমাদের সবার। সবাই একই লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে কাজ করলে সফলতা আসবেই।
বাংলাদেশ উপজেলা সমবায় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত নিবন্ধক মো. আহসান কবির প্রমুখ।


