বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ ঝড় যেনো থামছেই না। এটি মুক্তির ৩ সপ্তাহ পরেও বক্স অফিস কাঁপাচ্ছে বেশ জোরেসোরেই। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড গড়ছে এই ছবি। তাই তো এখন হাজার কোটির দোড়গোড়ায় দাঁড়িয়ে ‘পাঠান’। ছবিটি মুক্তির ১৭তম দিনে বিশ্বব্যাপী আয় প্রায় ৯০০ কোটি। তবে ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ১০০ কোটির অঙ্ক পার করতে হবে এই ছবিটির।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, হিন্দি চলচ্চিত্র জগতে এই মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িক ভাবে সফল ছবি হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থান এখন পর্যন্ত ধরে রেখেছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। দেশে এই ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকার। যদিও সামগ্রিক ভাবে এই ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ ছবির এই নজির হয়তো টপকে যেতে পারে ‘পাঠান’। শুক্রবার পর্যন্ত এই ছবির ভারতে আয় ছিল ৫৫৮.৪০ কোটি টাকা। ১৭তম দিনে বিদেশ থেকে এই ছবির আয় ছিল ৩৪২ কোটি। দেশ – বিদেশ মিলিয়ে ৯০১ কোটি ঘরে তুলেছে এই ছবি। তবে শনিবার ছবিটি প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার ও বুধবার ছবির পড়তির দিকে থাকলেও সপ্তাহান্তে আয় বেড়েছে। ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই বাহুবলীকে ছুঁয়ে ফেলবে ছবিটি।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই ছবি নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। এই ভালোবাসা দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ৩ সপ্তাহ পরও হল কাঁপাচ্ছে ছবিটি। এবার ভালোবাসা দিবসে শাহরুখের ছবির আয় বাড়বে বলেই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।


