:: নগর প্রতিদিন ডেস্ক ::
পদত্যাগ করছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। গত রোববার অনুষ্ঠিত সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে। এ অবস্থায় চূড়ান্ত ফলাফলের আগেই পরাজয় স্বীকার করে এই ঘোষণা দিলেন তিনি।
বুধবার সুইডেনের রাজধানীতে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। তাই নির্বাচনের ফল মেনে নিয়েই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ গত বছরে তিনি সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা গেছে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে বিজয়ী হতে যাচ্ছে ১৭৬টিতে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছেন প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থিরা। খবর রয়টার্সের।


