খুনের মামলার পলাতক আসামি হয়ে দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে আলোচনায় থাকা আরাভ খানকে চেনেন না বলে জানিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
আজ শনিবার বিকেলে পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান। নিজের ফেসবুক আইডিতেও অভিন্ন তথ্য দিয়েছেন সাবেক এই আইজিপি।
ফেসবুকে বেনজীর লিখেছেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’’ নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’
তিনি লেখেন, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্য নয় । আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’


