ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। সুন্দরী এই তারকা রূপ আর অভিনয়ের গুণে দর্শকের মন জয় করেছিলেন ক্যারিয়ারের শুরুর দিকেই। তাই তো কীর্তি নিজেকে তামিল ছবির জনপ্রিয় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছেন। অভিনয় ও জনপ্রিয়তায় বার বার আলোচিত – প্রশংসিত হওয়ার পর কীর্তির অসাধারণ কীর্তিতে এবার মুগ্ধ হলেন তার ছবির শুটিং ইউনিটের সবাই। তিনি শুটিং ইউনিটের সদস্যদের ১৩০ টি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, অভিনেত্রী কীর্তি সুরেশ তার নতুন ছবি ‘দাসারা’র শেষ দিনের শুটিংয়ে ইউনিটের প্রত্যেক সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দেন। এগুলোর একেকটির ওজন ১০ গ্রাম করে। তাই তো প্রতিটি স্বর্ণের কয়েনের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার রুপি। সবমিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন কীর্তি সুরেশ। শুটিংয়ের শেষ তিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শুটিংয়ের সবাইকে কিছু দিতে চাইছিলেন, যারা তার জীবনের সেরা ছবিটি বানিয়েছে।
জানা গেছে, তেলুগু ভাষায় নির্মিত ‘দাসারা’ ছবিটির গল্প অ্যাকশন – অ্যাডভেঞ্চার ধাঁচের। এটি নির্মাণ করেছেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি ও কীর্তি সুরেশ।তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লা খনিতে ছবিটির শুটিং হয়েছে। আগামী ৩০ মার্চ তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এটি।
বর্তমানে কীর্তি সুরেশের হাতে রয়েছে তেলুগু ভাষায় ‘ভোলা শঙ্কর’, তামিলে ‘মামান্নান’, ‘সিরেন’, ‘রঘু ঠঠা’ ইত্যাদি ছবিগুলো। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভাশি’।


