চলমান রমজান ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কেউ যেন ধর্মীয় উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য পুলিশের মনিটরিং জোরদার করতে হবে। এ কাজে বিট অফিসারদেরকে সম্পৃক্ত করতে হবে যাতে তারা নিজ নিজ এলাকার প্রতিটি ঘটনা সম্পর্কে অবহিত থাকে। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে।
ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আইজিপি। তিনি ফিটনেসবিহীন বাস/লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


