রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটারসহ ১৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় তারা। তখনই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। একে একে তাদের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ ও বিজিবি এবং বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১ কর্মকর্তা, ১৩ ফায়ারফাইটার, ২ ভলান্টিয়ার, ২ আনসার সদস্য এবং বিমান বাহিনীর ১ সার্জেন্টসহ মোট ১৯ জন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অসুস্থদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তারা হলেন, বায়েজিদ (২৫), শাহ আলম (২০), লিমন (২৮), কামাল হোসেন (৩৩), রিফাত (২৩), তৌফিক (২৪), রাশেল (২২) ও শান্ত (২৪)।


