প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সরকারি সফর শেষ করে যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ফ্লাইটটি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ৪ মে যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা চার্লস তৃতীয় এবং তার পত্নী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাবেন।
গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ১৫ দিনের জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে ঢাকা ত্যাগ করেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) সেদিন বিকেলে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


