ঢাকাFriday , 28 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুদানে উদ্ধারকারী তুর্কি উড়োজাহাজে গুলি

Link Copied!

সুদানের রাজধানী খার্তুমের কাছে একটি বিমানঘাঁটিতে উদ্ধারকারী তুর্কি উড়োজাহাজে গুলিবর্ষণ করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বিবিসি জানায়, তুরস্কের নাগরিকদের উদ্ধারে উড়োজাহাজটি সুদানে যায়। গুলিবর্ষণের ঘটনায় জ্বালানিব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও উড়োজাহাজটি নিরাপদেই ওয়াদি সিনদা বিমানঘাঁটিতে অবতরণ করতে সক্ষম হয়েছে। সেখানে উড়োজাহাজটি পরীক্ষা-মেরামত করা হচ্ছে।

সুদানের সেনাবাহিনী অভিযোগ করেছে, আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) তুর্কি উড়োজাহাজে গুলি ছুড়েছে। তবে আরএসএফ বলেছে, তারা অস্ত্রবিরতির প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

সুদানের সেনাবাহিনী ‘মিথ্যা তথ্য ছড়াচ্ছে’ অভিযোগ তুলে আরএসএফ বলেছে, ‘গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে মানবিক প্রয়োজনে অস্ত্রবিরতিতে আমরা সম্মত হয়েছিলাম, তার প্রতি আমরা অবিচল রয়েছি। আমরা ওমদুরমানের ওয়াদি সিদনার আকাশে কোনো উড়োজাহাজকে টার্গেট করেছি, এটা সত্য নয়।’ তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের উড়োজাহাজ হামলার শিকার হলেও ওয়াদি সিদনা ও রেড সি উপকূলের নগরী পোর্ট সুদানে তাদের নাগরিকদের উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ ঘিরে তুমল বিরোধ চলছে। গত ১৫ এপ্রিল থেকে দুই সামরিক নেতার অনুসারীরা তুমুল লড়াইয়ে জড়িয়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, লড়াইয়ে কমপক্ষে ৫১২ জন নিহত ও ৪ হাজার ১৯৩ জন আহত হয়েছেন। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাত পরিস্থিতিতে রাজধানী খার্তুম, দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে পড়েছে। সহিংস পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ সুদান থেকে নিজ নিজ দেশের কূটনীতিক ও নাগরিকদের উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে।

বিবিসি জানায়, সুদানের বিবদমান দুই পক্ষ স্থানীয় সময় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে আরও তিন দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একমত হয়। তবে তা সত্ত্বেও কয়েকটি শহরে সংঘাত চলছে এবং দারফুরে ভয়াবহ যুদ্ধ ও লুটপাট শুরু করেছে। সেনাবাহিনীর যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার খার্তুমে আধা সামরিক বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে। সুদানে জাতিসংঘের সাহায্য প্রধান আবদু দিয়েং বলেন, তিনি সামগ্রিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত। খাদ্য সরবরাহ নিয়ে একটি বড় ধরনের উদ্বেগ রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, পশ্চিম দারফুরে যুদ্ধের ফলে ‘আনুমানিক ৫০ হাজার মানুষ’ তীব্র অপুষ্টিতে ভুগছেন। শিশুখাদ্য ব্যাহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন