দেশের বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। তিনি বলেন, লার্নিং এন্ড আর্নিং ডেভালপমেন্ট প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪০ হাজার বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইনেই আয়ের ব্যবস্থা করে দেয়া হয়েছে। শুধুমাত্র চট্টগ্রামেই ৭০ টি ব্যাচের মাধ্যমে প্রায় ১৪শ’ শিক্ষার্থীকে প্রশিক্ষণ হয়। যারা ২১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ টাকা আয় করেছেন।
সোমবার (৮ মে) চট্টগ্রাম নগরীর লালখান বাজারের লেডিস ক্লাবে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও চাকরি মেলায় এই কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত লার্নিং এন্ড আর্নিং ডেভালপমেন্ট প্রকল্পের আওতায় এসময় প্রায় ১১০ জনকে ল্যাপটপ বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ বিভাগের লির্নিং এন্ড আর্নিং ডেভালপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবির, আইসিটি ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল মালেক ও হেলাল আহম্মেদ রুবেল।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জান বলেন, লেডিস ক্লাবে আয়োজিত চাকরি মেলায় প্রায় ১৭টি স্টল বসেছে। এখানে দেশের সুনামধন্য প্রতিষ্ঠানসমূহ এসেছে। যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রায়ই সেসব প্রতিষ্ঠানে তাদের সিভি দিয়েছেন। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।


