ঢাকাWednesday , 17 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকার পরিবর্তন করতে হলে ভোটে আসতে হবে: রাষ্ট্রপতি

Link Copied!

দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। গণতান্ত্রিক শক্তির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে। কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করতে হবে।

রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে তাঁকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

মোঃ সাহাবুদ্দিন আরও বলেন, পাবনার আলো-বাতাস, প্রকৃতি-পরিবেশ ও সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে বেড়ে উঠেছি। রাষ্ট্রপতির দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য পাবনাসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা চান তিনি।

মোঃ সাহাবুদ্দিন বলেন, দেশের রাষ্ট্রপতি হবো, এটা কখনও ভাবিনি। রাষ্ট্রপতি হওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। এ সময় সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দেন রাষ্ট্রপ্রধান।

বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, মকবুল হোসেন, আহমেদ ফিরোজ কবির, মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, নাদিরা ইয়াসমিন জলি, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ আবদুল আলীম, পাবনা নাগরিক সমাজের সদস্য সচিব অধ্যক্ষ শিবজিত নাগ এবং নাগরিক কমিটির সদস্য সচিব আবদুল মতিন খান।

‘ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি’

রাষ্ট্রপ্রধান আরও বলেন, কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। তাই তো আল্লাহ আজ আমাকে এই চেয়ারে বসিয়েছেন।

এদিন সকালে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি এবং সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ।

এর আগে রাষ্ট্রপতি পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন