ঢাকাMonday , 19 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিউটি সার্কাস নিয়ে আসছেন জয়া আহসান

নগর প্রতিদিন
September 19, 2022 6:41 pm
Link Copied!

:: বিনোদন প্রতিবেদন ::

দুই বাংলার সমান জনপ্রিয় তারকা জয়া আহসান দেড় বছর পর আবার প্রেক্ষাগৃহে আসছেন। সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’ ছবিতে তাকে দেখা যাবে। এটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। জানা গেছে, একইদিনে র‍্যাবের প্রযোজনায় নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটিও মুক্তি পাচ্ছে। তবে জয়া আহসান ওইদিন সিনেমাপ্রেমীদের ‘বিউটি সার্কাস’ ছবিটি আগে দেখতে বলেছেন। ‘বিউটি সার্কাস’ ছবির মুক্তি উপলক্ষে গত শনিবার রাতে এক ‘মিট দ্য প্রেসে’ জয়া আহসান বলেন, সেদিন অন্য ছবিও মুক্তি পাবে। আপনারা সবার আগে বিউটি সার্কাস দেখবেন, তারপর অন্য ছবি দেখবেন।

জয়া আহসান আরও বলেন, এ ছবিটি করতে গিয়ে আমি অসাধারণ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এখানে সার্কাসের অনেক খেলা আমাকে খেলতে হয়েছে। সেগুলো অনেক রিস্কি ছিলো। অথচ এসব না ভেবে চরিত্রের মোহে আমি কাজগুলো কীভাবে কখন করে ফেলেছি, টেরই পাইনি। এখন মনে হচ্ছে বিষয়টি ছিলো অনেকটা না বুঝেই রোলার কোস্টারে চড়ে বসার মতো!

এ ছবিতে অভিনয় করতে গিয়ে অনেক রকম ঝুঁকিতে পড়েছিলেন বলে জানান জয়া আহসান। যদিও তিনি বিষয়টিকে মনে করেন, সার্কাস বলুন আর সিনেমা বলুন, ঝুঁকি আমাদের থাকেই। যেখানে আসলে নিরাপত্তার বালাই নেই। এর মধ্যদিয়েই আমাদের কাজগুলো করতে হয়।

জয়া জানান, প্রায় দেড় বছর পর দেশের প্রেক্ষাগৃহে তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। এজন্য তিনি আনন্দিত। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো-বরাবরই আমি নতুন নির্মাতাদের সঙ্গে থাকার চেষ্টা করি। সেটা আমার ক্যারিয়ারগ্রাফ দেখলেই আপনারা মেলাতে পারবেন। দিদার অসাধারণ একজন আইডিয়াবাজ। ওর যে কোনও কাজের সঙ্গে আমি থাকি বা রাখার চেষ্টা করে আমাকে। ও আমার জন্য অসাধারণ একটি চরিত্র লিখেছে। এটা আমার জন্য অনেক সম্মানের বিষয়।

জানা গেছে, বিউটি সার্কাস পরিচালনা করেন মাহমুদ দিদার। এটি এ নির্মাতার প্রথম ছবি। এতে জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু।

নির্মাতা মাহমুদ দিদার নিজের প্রথম ছবিটি মুক্তির আগে বলেন, সবার সম্মিলিত পরিশ্রমের ফল বিউটি সার্কাস। আপনারা হলে আসবেন, ছবিটা দেখবেন। অনুভূতির কথাটা সামাজিক মাধ্যমে লিখবেন। তিনি আরও বললেন, জয়া আপা খুব ত্যাগ স্বীকার করেছেন। তাকে ভিজতে ভিজতে শুটিং করতে হয়েছে। ফেরদৌস ভাইও অনেক পরিশ্রম করেছেন।

নিউজটি শেয়ার করুন