মাত্রই তাদের প্রথমবার জুটি বেঁধে অভিনয় করা ছবি মুক্তি পেয়েছে। আর তাতেই বলিউড কিং শাহরুখ খানকে টপকে শীর্ষে উঠেছেন দক্ষিণী ছবির লেডি সুপারস্টার নয়নতারা। জওয়ান ছবিতে তাদের রসায়ন ইতোমধ্যে জয় করেছে দর্শক হৃদয়। তবে দর্শক হয়তো নয়নতারার অ্যাকশন আর সৌন্দর্যে কিঞ্চিৎ বেশি মুগ্ধ হয়েছে। তাই একটি জরিপে বলিউড বাদশাহকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন দক্ষিণী ছবির লেডি সুপারস্টার।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজ বা আইএমডিবি প্রতি সপ্তাহে একটি তালিকা প্রস্তুত করে। ‘পপুলার ইন্ডিয়ান সেলিব্রিটি’ শীর্ষক সেই তালিকায় চলতি সপ্তাহে এক নম্বরে অবস্থান করছেন নয়নতারা। তার পরের অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। প্রতি মাসে ২০০ মিলিয়নের বেশি অনুসারী আইএমডিবিতে প্রবেশ করে। তাদের প্রতিক্রিয়া আর ভোট থেকেই নির্বাচন করা হয় আলোচিত তারকাদের। সপ্তাহ শেষে সেই তালিকা প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির সোশ্যাল পেজে।
জওয়ান ছবির সাফল্যের সুবাদে এবারের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন এই ছবির নির্মাতা অ্যাটলি কুমার। এছাড়াও আছেন ছবিটির অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য (২৩), সানিয়া মালহোত্রা (২৪), লেহার খান (২৭) ও অভিনেতা যোগী বাবু (৩১)। এতে বোঝাই যাচ্ছে, জওয়ান ছবিটি ভারত ও আন্তর্জাতিক বাজারে কতটা আলোড়ন তৈরি করেছে।
স্ত্রী নয়নতারার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার স্বামী, নির্মাতা ভিগনেশ শিবান। ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, তোমাকে নিয়ে গর্বিত নয়নতারা।
জওয়ান ছবিতে অভিনয়ের সুবাদে নয়নতারার জনপ্রিয়তা কতখানি বেড়েছে, তার আরেকটি দৃষ্টান্ত ক’দিন আগেই পাওয়া গেছে। গেলো ৩১ আগস্ট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার অনুসারী এক মিলিয়ন ছাড়িয়ে যায়। যেটা ভারতীয় অভিনেত্রীদের মধ্যে দ্রুততম মিলিয়নের রেকর্ড। এই ক’দিনে তার ফলোয়ারের সংখ্যা পাঁচ মিলিয়ন অতিক্রম করেছে। জওয়ান ছবিটি গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছয় দিনে ছবিটির বৈশ্বিক বক্স অফিস কালেকশন ৬০০ কোটি ছাড়িয়ে গেছে।


