গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আবু তাহের শুনানি শেষে এ আদেশ দেন।
অব্যাহতিপ্রাপ্ত অপর দুজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তবে এ মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমডোর জুলফিকার আলীসহ অপর ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর অভিযোগ গঠন শুনানি শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জাকির হোসেন ভূইয়া অব্যাহতি চেয়ে শুনানি করেন।
অন্যদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। এছাড়া অপর ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক।
নয় বছর আগে সারাদেশে অবরোধ ও হরতালে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান চুড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) গ্রহণ করে মামলাটি খারিজ করেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার সিএমএম আদালতে এ মামলা করেন। গত ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রতীয়মান হয়নি বলে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।


