দু’দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে সরকার কমিটি গঠন করবে, এমন আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে তারা।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থী প্রতিনিধিরা। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের আহ্বানে আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে যায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
আলোচনায় দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।
এ বিষয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী মতিউর রহমান জয় বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করা হবে। তারা পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।


