:: রুবেল সরকার সলঙ্গা ::
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে।
বইগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা হলে সরকারের বিপুল অংকের অর্থ গচ্ছা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে প্রতিবছর বই উৎসব করার পর বেচে যাওয়া বিপুল পরিমান পাঠ্যপুস্তক উপজেলার ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে শহীদদের স্মরণে নির্মাণ করা শহীদ মিনারের পিছনে পরিতাক্ত রুমে মজুদ করে রাখা হয়। কিন্তু যথাযথভাবে সংরক্ষণ না করায় পাঠ্যপুস্তকগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, শিক্ষার্থীর তুলনায় বেশি বইয়ের চাহিদা দেওয়ার কারণে প্রতি বছর অতিরিক্ত পাঠ্যবই পড়ে থাকছে। অতিরিক্ত বইগুলো শিক্ষা অফিসার বরাবর ফেরত না দিয়ে, এভাবেই ফেলে রাখা হয়েছে। অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে এসব বই, এর কারণে সরকারের কোটি টাকা নষ্ট হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, শহীদ মিনারের পেছনে পরিত্যাক্ত রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে বিপুল পরিমান পাঠ্য পুস্তক। এছাড়াও দীর্ঘদিন স্যাঁতসেঁতে মেঝেতে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে পাঠ্যপুস্তকগুলো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক জানান, এ পুস্তকগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের থাকলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে এভাবেই দিনের পর দিন নষ্ট হচ্ছে বইগুলো।
এ বিষয়ে ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আনোয়ার হোসেন শেখের কাছে জানতে মুঠোফোনে একাধিক বার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সরকারি পাঠ্যবইগুলোর তালিকাসহ যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ দিবেন।


