:: প্রতিনিধি, পিরোজপুর ::
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। যাতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের। আজ রোববার ভোরে বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যাতে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান, কমলের কমল ফার্নিচার, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটো রিকশার গ্যারেজসহ আরো অনেক দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় ব্যবসায়ী বাবুল হালদার জানান, ভোররাত ৫টার দিকে আটঘর কুড়িয়ানা বাজারের সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরূপকাঠি ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাজারের ২০টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের উৎপত্তি হয়েছে।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের উৎপত্তি। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


