তিনদিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিক থেকে এ রুটে বাস চলাচল শুরু হয়। দুই জেলার বাস মালিক ও নেতাদের মধ্যে দফায় দফায় আলোচনার পর এ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
তবে টানা তিনদিন যাত্রীদের জিম্মি করে বাস চলাচল বন্ধ রাখায় চরম ভোগান্তি পোহাতে হয়। এতে ক্ষোভ বিরাজ করে সাধারণ যাত্রীদের মধ্যে।
রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয় সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী বাস মলিক গ্রুপ কার্যালয়ে দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে আলোচনায় সমঝোতা হয়।
পরে লোকাল বাস চলাচল শুরুর মাধ্যমে দুই জেলার মধ্যে বাস চলাচল শুরু হয়। রাজশাহীর বাস কাউন্টারের মাস্টার মোহাম্মদ আলী বলেন, বিকেল ৪টার দিকে রাজশাহীগামী লোকাল বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) থেকে গেটলক ও মহানন্দা সার্ভিস চলবে। চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম বলেন, সমঝোতা আলোচনা সফল হয়েছে। বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন (জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন, দুই পক্ষের বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বাস মালিক গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই জেলার বাস মালিক ও শ্রমিক নেতারা।


