:: মকসুদা আক্তার নিপা, কেরানীগঞ্জ ::
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার রোডে ঔষধ ফ্যাক্টরির সামনে এলাকাবাসী, বিশিষ্টজন ও সমাজকর্মীদের উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম। তিনি বলেন,এই কন্টেইনার রোড একটি গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে প্রতিদিন হাজার হাজার ট্রাক মালবাহী যানবাহন চলাচল করে। শুধু তাই নয়, কেরানীগঞ্জের অসংখ্য মা-বোন প্রতিদিন এই পথ ব্যবহার করে আদ্দিন হাসপাটালে চিকিৎসা নিতে যান এবং নানা দুর্ভোগের শিকার হন। এভাবে চলতে দেওয়া যায় না। সুতরাং অতি দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করতে হবে, অন্যথায় উপজেলা ঘেরাও করে কাজ আদায় করা হবে ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ গণ অধিকার পরিষদের সভাপতি শওকত মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ যুব অধিকার সভাপতি হিমেল ও সেক্রেটারি তানজিল ইসলাম, কেরানীগঞ্জ থানা বৈষ্যের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মুজিব ভূইয়া, নিলয়সহ বিপ্লবী জনতা।
সভায় গণ অধিকার পরিষদের সভাপতি শওকত মোল্লা বলেন, “হাসনাবাদ কন্টেইনার রোডের বেহাল দশা দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনে উপজেলায় চাপ প্রয়োগ করে হলেও কাজ আদায় করতে আমরা বাধ্য হবো।”
মানববন্ধনে বক্তারা রাস্তার জরুরি সংস্কারের দাবি জানান এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন।


