চট্টগ্রাম নগরের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
নয়তলা ভবনের ওই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। এ কারখানায় মেডিক্যাল একসেসরিজ তৈরি হতো।
চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র জানায়, আগুন নেভানোর কাজে সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনীর ৬টি ইউনিট। বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে।
নগরের সিইপিজেডের কারখানায় অ্যাডামস ক্যাপ কারখানাটিতে আগুনের তীব্রতা বাড়ার আগেই শ্রমিকেরা নিরাপদে বের হয়েছেন। ইউএসএ বেইজড এ কারখানায় ৭০০ শ্রমিক কাজ করতেন।
আটতলা ভবনের কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত পাতলা গাউন তৈরি করা হতো। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান।


