ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর পর এবার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

Link Copied!

আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্ত্রী ভোট চাওয়ার ঠিক পরের দিন প্রার্থী মজিবর রহমান সরওয়ারও একই কাজ করলেন। তিনি গত সোমবার বরিশাল নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের জন্য বাস ও ছাত্রীনিবাস দেওয়ারও আশ্বাস দিয়েছেন। সরওয়ার বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১০ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, আচরণ বিধিমালার ১৫ এর খ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, কোনো সরকারি অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারবে না’।

সরওয়ার গতকাল বেলা পৌনে ৩টায় হাতেম আলী কলেজ ক্যাম্পাসে যান। তাঁর সঙ্গে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী ধানের শীষের পক্ষে স্লোগান দেন। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সরওয়ারকে অভ্যর্থনা জানান। শিক্ষক মিলনায়তনে তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। সরওয়ারের এক পাশে কলেজের অধ্যক্ষ এবং অপর পাশে উপাধ্যক্ষ বসেছিলেন। এ সময় উপস্থিত ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মৃদু হাতাহাতির ঘটনাও ঘটে।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাওন খান বলেন, শিক্ষক মিলনায়তনে সরওয়ার ভাইয়ের সঙ্গে ছাত্র ও শিক্ষকদের মতবিনিময় হয়। তিনি নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের একটি বাস ও একটি ছাত্রীনিবাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ হাওলাদার বলেন, সরওয়ার সৌজন্য সাক্ষাতের জন্য কলেজে আসেন। উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় নয়, শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষার্থীরা প্রার্থীর কাছে বাস ও ছাত্রীনিবাস দাবি করে। সরওয়ার বিজয়ী হলে বাস কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ধানের শীষের প্রার্থী উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন না। এটা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন মন্তব্য করে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন, নির্বাচন কমিশন এমন কর্মকাণ্ড না থামালে ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার কিংবা প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে বলেন, উপযুক্ত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সরওয়ারের স্ত্রী নাসিমা সরওয়ার গত রোববার দুপুরে ব্রজমোহন কলেজে গিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান।

নিউজটি শেয়ার করুন