:: প্রতিনিধি, মোংলা ::
বঙ্গোপসাগরে লঘু বা নিম্নচাপের কোন প্রভাবে না থাকলেও বাগেরহাটের মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল অঞ্চলে বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। তবে স্থানীয়ভাবে বন্দরে কোন সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিলো মেঘাচ্ছন্ন, থেমে থেমে আবার কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে।
সাগর ও সুন্দরবন সংলগ্ন খাল ও নদী প্রচণ্ড উত্তাল। মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূল এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কখনও মুষলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে এ অঞ্চলের খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। একদিকে ভ্যাপসা গরম অর অন্যদিকে বৃষ্টি, মানুষ তাদের দৈনন্দিন ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছে না। আবহাওয়া অফিস বলছে, এ বৃষ্টি আরো দু’একদিন চলবে, তবে গরমের তাপ কিছুটা কমতে পারে।
এদিকে বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কিছুটা ব্যাহত হচ্ছে। মোংলা বন্দরে কয়লা ও ক্লিংকারবাহীসহ মোট ৮টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে কিন্ত অন্য সব জাহাজের স্বাভাবিক পণ্য ওঠানামার কাজ চললেও খাদ্যবাহী জাহাজের পণ্য খালাস বৃষ্টির সময় বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।


