মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে স্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করেন এনটিভির মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ।
এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন। প্রশাসন ঘুষখোরের বিচার না করে কিভাবে থানায় মিথ্যা মামলা হয়। এর সাথে কে বা কারা জড়িত। এ ঘুষের টাকা কারা পান। এর জবাব জেলা প্রশাসককে দিতে হবে৷ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান।
এদিকে, দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে দুই চোর মারাত্মক আহত হন। সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। তাকে মামলায় ৬ নম্বর আসামি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, অনলাইন নিউজ পোর্টাল সোশ্যাল মিরর ২৪ এর সম্পাদক মোঃ রাকিব শেখ, মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়া, আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, শহীদ সুরুজের সহধর্মিণী বর্ষা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নবীন, পিংকি রহমান, জাহিদ হাসান, মো. সুবিন, কাউসার শেখ, আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক হোসাইন সুমন, মো. স্বপন, গোলাম মাওলা প্রমুখ।


