নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেয়ায় মুমিন (৪০) অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ বুধবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড থেকে বাংলাবাজার রাস্তায় চলাচলকারী সিএনজি ও অটোরিক্সা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতেন লাইনম্যান শাহীন। গত শনিবার উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মুমিন তার অটোরিকশা নিয়ে ওই স্ট্যান্ডে গেলে তার কাছ থেকে ১০ টাকা চাঁদা দাবি করে লাইনম্যান শাহীন। চাঁদার টাকা পরিশোধ করা নিয়ে মুমিন ও শাহীন বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে লাইনম্যান শাহীন অটো চালক মুমিনের মাথায় উপর্যুপরি আঘাত করে এতে মুমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ভোর সাড়ে ৬ টায় মুমিনের মৃত্যু হয়। মুমিনের লাশ এলাকায় পৌঁছলে এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে মহাসড়ক অবরোধ করে মুমিন হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রাম লেন পুরোপুরি বন্ধ করে দেয় এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ বিক্ষোভকারীদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এলাকাবাসী জানায়, দড়িকান্দি এলাকার বিএনপি নেতাদের ছত্রছায়ায় এই স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে।
অটো রিকশা চালক মুমিনের স্ত্রী রিনা বেগম জানান, সামান্য ১০টাকার জন্য আমার স্বামীকে হত্যা করেছে লাইনম্যান শাহীন। তিনি সহজ সরল মানুষ ছিলেন। আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। অভিযুক্ত লাইনম্যান শাহীনকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।


