:: মৌলভীবাজার প্রতিনিধি ::
রাজনগরের দক্ষিন বালিগাঁও গ্রামের সুহানুর রহমান নামে এক স্থানীয় সংবাদকর্মীকে প্রকাশ্যে হামলা করে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। হামলায় সুহানুর রহমানের ডান পা ও ডান হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজনগর সদর উপজেলার রাজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মশরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি সন্ত্রাসী দল তৈরি করে মাদক কারবার নিয়ন্ত্রণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করেন ওই এলাকার সংবাদকর্মী সুহানুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সন্ধ্যায় মশরিয়া এলাকায় জুবায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বে সেলিম আহমেদ, খুকন মিয়া, লিপন আহমেদ, মাসুদ চৌধুরী এবং রুশনহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার রড, হকি স্টিক, দা ও লাঠিসোটায় সুহানুরের ওপর হামলা করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


