চট্টগ্রামের ফটিকছড়িতে হত্যাকাণ্ডের ঘটনায় পুরুষশূন্য গ্রাম বালুটিলা বাজারে প্রবাসীদের বাড়িঘরে আগ্নিকাণ্ড ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ মার্চ) রাত ৯টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফুলছড়ি বালুটিলা বাজার এলাকার প্রবাসী শামীম হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগানো ওই বাড়িটির গৃহিণী হোসনে আরা নিপা বলেন, রাতে একদল লোক হঠাৎ করে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এসময় বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। মহিলাদের ঘর থেকে বের করে আলমারি খুলে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় দুর্বৃত্তরা। এরপর চোখের সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বাড়িতে।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আড়াল করে প্রবাসীদের টার্গেট করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, ফুলছড়ি বালুটিয়া বাজারের মুরগি দোকানদার রফিকুল ইসলামের দোকান লুট করা হয়েছে রবিবার রাত ৮টায়। আনোয়ারা হোসেন নামে আরেক ফার্মেসি দোকানির দোকানও লুট করা হয়েছে একই সময়ে।
স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি করে প্রবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়েও মিলছে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলীর মেম্বার ও দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেনের রাজনৈতিক দ্বন্দ সহিংসতায় রুপ নেয়। বেশ কয়েকদফা হামলা-পাল্টা হামলার ঘটনার পর ২৫ মার্চ রাতে মাসুদ (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। শনিবার রাতে তারাবির নামাজের পর দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় দুই পক্ষের বাকবিতণ্ডার জেরে মাসুদকে ছুরিকাঘাত করা হলেও এই ঘটনার পর থেকে ঈদ কেন্দ্রীক বিদেশ ফেরত বিভিন্ন প্রবাসীর বাড়িকে টার্গেট করা হয়েছে।
নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের সাইদুর রহমানে ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর অনুসারী বলে জানা গেছে।
দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজের আহমেদ বলেন, ‘একজন প্রবাসীর ঘরে আগুন লাগানোর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।‘


