:: পলাশ সাহা দুর্গাপুর ::
বাড়িতে বাবার লাশ, চারদিকে স্বজনদের কান্না, আহাজারি। এরমধ্যেই এসএসসি পরীক্ষা দিল নাজমা বেগম। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নাজমার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তার বাবা নুরুল হক মীর (৫৬) স্ট্রোক করে মারা যান। পরিবারের কর্তার হঠাৎ এ চলে যাওয়া কোনভাবেই মানতে পারছে না স্বজনরা। তাদের চোখে এখন কেবলই অশ্রুধারা আর হৃদয়ে তীব্র আর্তনাদ।
নাজমার এসএসসি পরীক্ষা কেন্দ্র গুজিরকোণা বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে আজ শনিবার পরীক্ষা দিতে এসে তিনি কান্নায় ভেঙে পড়ে। কান্নাজড়িত কন্ঠে নাজমা বলে, বাবা আর নেই। বাবা আর কখনোই আমাকে মা বলে ডাকবে না। এটা আমি মানতে পারছি না। বাবার এভাবে চলে যাওয়া আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।
এ শিক্ষার্থী যখন অশ্রসজল চোখে পরীক্ষা কেন্দ্রে ঢুকছিলেন তখন তার বন্ধুদের চোখেও ছিল জল। সেটি ছুঁয়ে গেল শিক্ষকদেরও।
নাজমার শিক্ষকরা জানান- ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী ছাত্রী। নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক কুমার ভাদুড়ি বলেন, বিজ্ঞান বিভাগের এ মেয়েটি পড়াশোনায় ভীষণ মনযোগী। বাবার লাশ বাড়িতে রেখে মনে কষ্ট চেপে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি তার প্রতি সমবেদনা জানাই। নাজমা জীবনে অনেক বড় হোক এ কামনা করি।


