ঢাকাMonday , 19 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত পরিদর্শনে ডিসি-এসপি

নগর প্রতিদিন
September 19, 2022 6:51 pm
Link Copied!

:: প্রতিনিধি, কক্সবাজার ::

মিয়ানমারের অভ্যন্তরীণ লড়াইয়ের কারণে উত্তপ্ত পরিস্থিতিতে থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত পরিদর্শনের গেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।‌ আজ সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছান তারা।

এ সময় কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রস্তুতি চলছিল। নিরাপত্তার কারণে এই স্কুলেই পরীক্ষা দিচ্ছে বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীরা।

কেন্দ্রটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। ফলে কেন্দ্রটি উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ কেন্দ্রে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। একই সঙ্গে সীমান্তের কাছের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে এসব এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে।’

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে তারা কাজ করে যাচ্ছেন। শুক্রবার এপারে মর্টার শেল এসে হতাহতের পর একটু উদ্বেগ থাকলেও পুলিশের পক্ষে প্রশাসনের নিদের্শনা মতে কাজ করার প্রস্তুতি রয়েছে।

এদিকে গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলা সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরিত হলে একজন নিহত ও পাঁচজন আহত হন। ওইদিন সকালেই ঘুমধুম সীমান্তের ওপারে মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। এর আগে গত ২৮ অগাস্ট দুপুরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারে গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।

মিয়ানমার থেকে গোলা এসে পড়া এবং হতাহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে চার দফা তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের তরফ থেকে এসব ঘটনার জন্য আরাকান আর্মিকে দায়ী করা হচ্ছে।

এ পরিস্থিতিতে সীমান্তে বিজিবিকে সতর্কাবস্থায় রাখার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে সীমান্তে এখনই সেনা পাঠানো হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন