:: মাসুদ রানা মোংলা ::
বাগেরহাটের মোংলা বন্দরের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে আজ মঙ্গলবার রাত ৮টায় মোংলা বন্দরে হাড়বাড়ীয়ার ১২ নম্বরে এ্যাংকোরেজ করেছে বিদেশী জাহাজ এম,ভি মাগদা-পি। গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে এ জাহাজটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান ও বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি. এর ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে গত ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে গ্রীক পতাকাবাহী জাহাজ এম,ভি মাগদা-পি। জাহাজটি মঙ্গলবার রাত ৮টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়া এলাকার ১২ নম্বরে এ্যাংকরেজ বয়ায় নোঙ্গর করেছে।
এরপর সেখান থেকে কয়লা খালাস করে তা লাইটারেজ (কার্গো, কোস্টার) করে নেওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। তারপর বিদ্যুৎ কেন্দ্রের জেটি হতে লাইটারেজের কয়লা মজুদ করা হবে পাওয়ার প্লান্টের সেডে।
স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লি. এর ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা খালাস শেষে ১৯ সেপ্টেম্বর মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। জাহাজটি মঙ্গলবার রাত ৮টার দিকে হাড়বাড়ীয় বয়ায় নোঙ্গরে ভিড়েছে। এখানে খালাস হবে ৩০ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা।
এর আগে গত ৫ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম জ্বালানী কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি আকিজ হেরিটেজ। সেটিতে কয়লা আনা হয়েছিলো ৫৪ হাজার ৬৫০ মেট্রিক টন।
তিনি আরও বলেন, রামপাল এ তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানে ৫৪ হাজার ৬৮৪ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসবে হংকং পতাকাবাহী জাহাজ এম,ভি সানিয়া। এ জাহাজটিও প্রথমে চট্টগ্রাম বন্দরে ২২ হাজার ৬৮৪ মেট্রিক টন খালাস করার পর মোংলা বন্দরে বাকি ৩২ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হবে বলেও জানায় তিনি।


